হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঝে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আমিরাতের সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুই সেনাসদস্য নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘আজ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।’’
সামরিক এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি আমিরাত।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এই অভিযোগ করেছেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কোনও ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
— |MOD UAE (@modgovae) March 9, 2026
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনও সংঘাতে জড়াব না।
সূত্র: এএফপি, আল জাজিরা।
এসএস