হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহর ও রণতরী জেরাল্ড ফোর্ডের জন্য অপেক্ষা করছি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা নাইনি বলেছেন তারা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবহর ও রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের জন্য অপেক্ষা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার বলেছেন, তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা করবেন। প্রয়োজনে জাহাজকে নিরাপত্তা দেবেন। তার এ বক্তব্যের জবাবে এমন মন্তব্য করলেন বিপ্লবী গার্ডের মুখপাত্র।
তিনি বলেছেন, “মিথ্যা ও প্রতারণার মাধ্যমে ট্রাম্প ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু ইরান সাহস এবং দৃঢ় চেতনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মোকাবিলা করছে।”
ইউএসএস জেরাল্ড ফোর্ড ইরান থেকে বর্তমানে ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। এরমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিনিদের সামরিক অবকাঠামো ধ্বংস করেছে তেহরান।
বিপ্লবী গার্ডের ওই মুখপাত্র বলেছেন, “আমরা শক্তি দিয়ে এ যুদ্ধ মোকাবিলা করছি এবং এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী তেল ও এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আছে।”
“ট্রাম্প নিজ দেশের মানুষের কাছে মিথ্যা কথা বলে এ যুদ্ধ শুরু করেছেন। কিন্তু এখন তিনি অসহায় এবং দ্বিধায় আছেন।”
এমটিআই