যারা ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখেন, তারা আসলে একটি ‘ভুল ধারণার’ মাঝে রয়েছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘ইতিহাসের কঠিন পথ পরিক্রমায় কোনও শক্তিই এই গৌরবময় নামটি (ইরান) মুছে ফেলতে পারেনি। যারা ইরানকে ধ্বংস করার মতো অলীক স্বপ্ন দেখছেন, তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না।’’
— Masoud Pezeshkian (@drpezeshkian) March 10, 2026
ইরানের এই প্রেসিডেন্ট বলেছেন, হামলাকারীরা এসেছেন এবং চলেও গেছেন; কিন্তু ইরান টিকে আছে। ইরান অন্তত ৬ হাজার বছরের পুরনো এক সভ্যতার উত্তরাধিকারী।
বিজ্ঞাপন
এদিকে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধের ১১তম দিনে মঙ্গলবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান যুদ্ধের ক্ষেত্রে ‘চোখের বদলে চোখ’ নীতি গ্রহণ করবে এবং যেকোনও ‘আগ্রাসনের’ বিপরীতে ‘তাৎক্ষণিক ও যথাযথ জবাব’ দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ লিখেছেন, কোনও আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। আজ আমরা দ্বিধাহীনভাবে এবং কোনও ব্যতিক্রম ছাড়াই ‘চোখের বদলে চোখ’ নীতির ঘোষণা দিচ্ছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, যদি তারা আমাদের অবকাঠামোর ওপর হামলা শুরু করে, তাহলে আমরা নিশ্চিতভাবেই এর পাল্টা জবাব হিসেবে তাদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করব।
সূত্র: আল জাজিরা, এএফপি।
এসএস
