ইরানের হামলা চালানো জাহাজটি ভারতে আসছিল

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে গতকাল বুধবার থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে হামলা চালায় ইরান। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশপাশি তিন নাবিকও নিখোঁজ হয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, থাই পতাকাবাহী কার্গো জাহাজটি তাদের পশ্চিমাঞ্চলের কান্দলা বন্দরের দিকে আসছিল। ওই সময় এতে হামলা চালানো হয়।
এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, “ভারত অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই সংঘাতের আগের পর্যায়গুলোতেও একাধিক হামলায় ভারতীয় নাগরিকসহ অনেক মূল্যবান প্রাণ ঝরেছে। কিন্তু বর্তমানে এই হামলার তীব্রতা এবং ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে বলে প্রতীয়মান হচ্ছে।”
“ভারত আবারও পুনর্ব্যক্ত করছে যে বাণিজ্যিক জাহাজে হামলা এবং বেসামরিক ক্রুদের জীবন ঝুঁকিতে ফেলা অথবা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা এড়িয়ে চলা উচিত।”
সূত্র: আলজাজিরা
এমটিআই