ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানির অনুমোদন স্থগিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবার সুইজারল্যান্ডের সরকারের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিতের এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে দেশটির সরকার বলেছে, ‘‘ইরানের সঙ্গে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে লিপ্ত দেশগুলোতে যুদ্ধের সরঞ্জাম রপ্তানি এই সংঘাত চলাকালীন অনুমোদিত হবে না।’’
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।’’ তবে এই বিষয়ে বিস্তারিত আরও কোনও তথ্য জানায়নি সুইজারল্যান্ডের সরকার।
বিজ্ঞাপন
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা এবং বিশ্বের বিভিন্ন দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালির অবরোধ সরাতে সাহায্য করার দিকে বেশি ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এর অর্থ এই নয় যে, জাহাজগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালির অভিমুখে যাত্রা করবে।
তবে যুক্তরাজ্য, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশ বলেছে, তারা হরমুজ প্রণালির অবরোধ সরাতে সহায়তার জন্য এক ধরনের মিশনের প্রস্তুতি নিচ্ছে। তবে এই মিশনটি ঠিক কবে নাগাদ শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
পাশাপাশি জার্মানি এবং নেদারল্যান্ডস বলেছে, হরমুজ প্রণালিতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেখানে অবশ্যই যুদ্ধবিরতি অথবা অন্তত সাময়িকভাবে সংঘাত নিরসন করতে হবে।
বিজ্ঞাপন
এসএস
