ইসরায়েলে হামলা আরও কঠোর করার হুমকি ইরানের

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এবার সেই হামলা আরও কঠোর করার হুমকি দিয়েছে দেশটি।
বিজ্ঞাপন
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হুমকি দিয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইসরায়েল যদি লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করা হবে।
“আমরা জায়নবাদী সরকারের অপরাধী সেনাবাহিনীকে এই মর্মে সতর্কবার্তা দিচ্ছি যে লেবানন ও ইসরায়েলের নিরীহ বেসমারিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি তারা আমাদের সতর্কবার্তায় কর্ণপাত না করে, তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে আমরা আরও কঠোর হামলা শুরু করব।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
বিজ্ঞাপন
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। তবে ইরানে হামলার পাশাপাশি লেবাননে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেও বিমান অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গত নভেম্বরে লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল। সেই চুক্তি ভঙ্গ করেই আইডিএফ বিমান অভিযান পরিচালনা করছে। গত প্রায় ২৩ দিনের অভিযানে ইতোমধ্যে লেবাননে ৬ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা
বিজ্ঞাপন
এসএমডব্লিউ