ইরান যুদ্ধে ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে দেশগুলো সাড়া দেয়নি। উল্টো ইউরোপিয়ানরা এ যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সবচেয়ে সরব রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বিজ্ঞাপন
আর এমন অবস্থায় ফরাসি প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ম্যাক্রোঁ তার স্ত্রীর হাতে যে ঘুষি খেয়েছিলেন, সেটি থেকে এখনো সেরে উঠতে পারেননি।
সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, হোয়াইট হাউজের একটি ব্যক্তিগত নৈশভোজের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। সেই ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমি ম্যাক্রোঁকে ফোন করলাম। যার স্ত্রী তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। চোয়ালে খাওয়া সেই ঘুষির ধাক্কা তিনি এখনো সামলে উঠতে পারেননি।”
ভিডিওতে ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়টি শনাক্ত হওয়ার পর দ্রুত এটির অ্যাকসেস ব্লক করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে ২০২৫ সালের মে মাসে ভিয়েতনাম সফরে যান ম্যাক্রোঁ। ওই সফরে তার সঙ্গে তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁও ছিলেন। যখন ভিয়েতনামে তাদের বিমানটি অবতরণ করে এবং এটির দরজা খোলা হয়, তখন দেখা যায় ব্রিজিট তার স্বামী ম্যাক্রোঁকে মুখে সজোরে ধাক্কা বা ঘুষি মারছেন। যা বার্তাসংস্থা এপির সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে। যদিও ম্যাক্রোঁ বিষয়টি অস্বীকার করে বলেছিলেন তার বিরুদ্ধে অপতথ্য চালাতে এ ভিডিও প্রকাশ করা হয়েছে।
সূত্র: নিউজ-১৮
এমটিআই
