আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই সময়সীমা বেধে দিয়েছেন তিনি। দুই শর্ত মানতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প তার আগের একটি আল্টিমেটামের কথা স্মরণ করিয়ে লিখেছেন, ‘‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর নরক নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’’
একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের বিষয়ে তিনি লেখেন, ‘‘সবকিছুর পাশাপাশি আমরা একটি পারমাণবিক ইরানকেও বিদায় জানাচ্ছি।’’
বিজ্ঞাপন
এর আগে, গত ২১ মার্চ ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনও প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
ওই হুমকির দু’দিন পর তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হচ্ছে এবং তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। পরবর্তীতে তিনি এই সময়সীমা আবারও পিছিয়ে দেন; যা আগামী সোমবার রাত ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ ইরানের আকাশে আমেরিকার একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তৈরি হওয়া চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই নতুন হুমকি এল। বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও ক্রু সদস্য হিসেবে থাকা একজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন ও ইরানি বাহিনী ওই নিখোঁজ সেনার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে, ইরানি কর্মকর্তারা নিখোঁজ ওই মার্কিন সৈন্যকে খুঁজে বের করতে নাগরিকদের সহায়তা চেয়েছেন এবং তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি হামলার ঘটনায়। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় একজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, সেখানে তেজস্ক্রিয়তা বাড়ার কোনও লক্ষণ দেখা যায়নি। তবে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সংস্থাটি ‘সর্বোচ্চ সামরিক সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি।
এসএস
