যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসান করতে ইসলামাবাদে সংলাপে ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে যোগ দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল; কিন্তু মার্কিন প্রতিনিধিদের চরম অবস্থান, সংলাপের ইস্যু পরিবর্তন এবং অবরোধের কারণে তা ব্যর্থ হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সংলাপ ব্যর্থ হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন তিনি।
এক্সবার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম সরাসরি ও নিবিড় সংলাপে ইরান সদিচ্ছা নিয়েই অংশ নিয়েছিল। ইরানের লক্ষ্য ছিল যুদ্ধের অবসান।”
“কিন্তু যখন আমরা ‘ইসলামাবাদ মেমোর্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ চুক্তি স্বাক্ষর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে, সে সময় (অপরপক্ষের) চরম অবস্থান, আলোচনার লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের মুখোমুখি হতে হয় আমাদের।”
বিজ্ঞাপন
“(এই সংলাপ থেকে) আমাদের শিক্ষা এবং প্রাপ্তি শূন্য। সদিচ্ছা থেকেই সদিচ্ছার জন্ম হয়, শত্রুতা ডেকে আনে শত্রুতা।”
— Seyed Abbas Araghchi (@araghchi) April 12, 2026
ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
বিজ্ঞাপন
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন গুরুতর আহত।
কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পর কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।
সূত্র : এএফপি/ ডন
