ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হলেও দুই দেশের অস্থায়ী যুদ্ধবিরতি এখনও ‘ভালভাবেই কার্যকর রয়েছে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ইসলাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি-না। জবাবে ট্রাম্প বলেন, “আমি বলব যে এটা খুব ভালোভাবেই কার্যকর থাকবে। তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের পুরো নৌবাহিনী এখন পানির নিচে।”
ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।
বিজ্ঞাপন
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন গুরুতর আহত।
কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পর কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।
সূত্র : সিএনএন
বিজ্ঞাপন
এসএমডব্লিউ
