গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যতদিন ইরান তাদের সঙ্গে চুক্তি না করবে ততদিন ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না এবং হরমুজও খোলা হবে না।
ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানিরা এখন নিজেদের মধ্যেই লড়াই করছে। তারা জানে না তাদের বর্তমান নেতা কে। আর লড়াইটি কট্টরপন্থি আর মধ্যমপন্থিদের মধ্যে হচ্ছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “তাদের নেতা কে সেটি ঠিক করতে ইরান খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা জানে না আসলে তাদের নেতা কে! এই অন্তর্দ্বন্দ্ব হচ্ছে কট্টরপন্থি এবং মধ্যমপন্থিদের মধ্যে। তাদের কট্টরপন্থিরা খুবই বাজেভাবে যুদ্ধক্ষেত্রে হারছে। অপরদিকে মধ্যমপন্থিরা, তারা যদিও সত্যিকার অর্থে মধ্যমপন্থি না। কিন্তু তারা সম্মান অর্জন করছে। তাদের মধ্যে এ লড়াই পাগলামি।”
“হরমুজের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া সেখানে কোনো জাহাজ প্রবেশ ও বের হতে পারছে না। এটি শক্তভাবে আটকানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইরান চুক্তি না করবে হরমুজ খোলা হবে না।”
এমটিআই
