দরজার বাইরে মারমুখি জনতা; আর ঘরের ভেতরে প্রাণভয়ে কাঁপছে দুই চোর। গণপিটুনির হাত থেকে বাঁচতে তারা পুলিশকে ফোন করে। উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কাতর আর্জি জানায়।
চোর নিজেই পুলিশকে ফোন করছে, এমন ঘটনা কখনও শোনা যায়নি আগে। কিন্তু ওড়িশায় রাউরকেলায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।
গত ২৯ এপ্রিল ঘটেছে এ ঘটনা। একটি দোতলা বাড়িতে চুরি করতে ঢুকেছিল দুই চোর। সেই সময় বাড়িতে ছিলেন না বাসিন্দারা। আলমারি খুলে টাকা, স্বর্ণালঙ্কার নেয় তারা। কিন্তু খুটখাট আওয়াজে সেই বাড়ির এক প্রতিবেশী সতর্ক হয়ে যান। পাশের বাড়িতে সন্দেহজনক দু’জনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষদের সতর্ক করেন। ধীরে ধীরে ওই বাড়িটি ঘিরে লোকজন জমা হতে থাকে।
দুই চোর ঘুণাক্ষরেও টের পায়নি যে বাইরে প্রচুর লোক জমা হয়ে গিয়েছে। পরিস্থিতির আঁচ পেতেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। বাইরে তখন জনরোষ; দরজা খুললেই সেই রোষ আছড়ে পড়ার অপেক্ষায়। এ অবস্থায় জনরোষের শিকার হওয়ার হাত থেকে বাঁচতে পুলিশকে ফোন করে চোররা।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে ফোন আসতেই ঘটনাস্থলে হাজির হন পুলিশ সদস্যরা। সেখানে গিয়ে তারা দেখেন প্রচুর লোক বাড়ির বাইরে দাঁড়িয়ে। সেই ভিড় ঠেলে ভিতরে ঢুকে দুই চোরকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় টাকা-স্বর্ণালঙ্কারও। তারপর বাড়ির বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ।
এসএমডব্লিউ
