বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ঘটনা

বিমানবন্দরের বেড়া টপকে রানওয়েতে, বিমানের ধাক্কায় প্রাণ গেল একজনের

বিমানবন্দরের বেড়া টপকে রানওয়েতে, বিমানের ধাক্কায় প্রাণ গেল একজনের

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিমানবন্দরের বেড়া টপকে রানওয়েতে চলে আসেন। এরপর মাত্র দুই মিনিটের মধ্যে একটি বিমান এসে তাকে ধাক্কা মারে।

বার্তাসংস্থা এপি আজ শনিবার (৯ মে) জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তিকে ধাক্কা দিয়েছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান। এটি ওই সময় বিমানবন্দর থেকে উড্ডয়ন করছিল। অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এরফলে পাইলট জরুরিভাবে রানওয়েতে সব যাত্রীকে নামাতে বাধ্য হন।

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “ডেনভার থেকে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার বিমানটি ডেনভার বিমানবন্দরের রানওয়েতে এক ব্যক্তিকে শুক্রবার রাত ১১টা ১৯ মিনিটের দিকে ধাক্কা দেয়।”

বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন, এক ব্যক্তি লোহার বেড়া টপকে ভেতরে প্রবেশ করেন। তার মৃত্যু হয়েছে। আর ওই ব্যক্তি বিমানবন্দরের কেউ নয় বলে ধারণা করা হচ্ছে।

অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা মারার পরপরই বিমানের পাইলট এটি কন্ট্রোল টাওয়ারকে জানান। এর সঙ্গেসঙ্গে তিনি বলেন বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে।

ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ৪৩৪৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানের কেবিনে ধোঁয়া দেখার পর পাইলট উড্ডয়ন না নেওয়ার সিদ্ধান্ত নেন। কীভাবে এ ঘটনা ঘটল সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এয়ারবাসের এ৩২১ মডেলের বিমানটিতে ২২৪ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন।

সূত্র: এপি

এমটিআই