যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে ইরানের তেলবাহী চারটি ট্যাংকার জাহাজ। গত সোমবার এ জাহাজগুলো হরমুজ পাড়ি দেয় বলে আজ বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটি বলেছে, সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক সংস্থা কেপ্লার জানিয়েছে, গত ১৫ এপ্রিলের পর এবারই প্রথমবারের মতো ইরানি পতাকাবাহী জাহাজ হরমুজ দিয়ে গেছে।
জাহাজগুলো হিলদা ওয়ান, দ্য আম্বার, দ্য সিলভিয়া ওয়ান এবং হেপিনেস ওয়ান বলে জানিয়েছে কেপ্লার। এগুলো ৭০ লাখ ব্যারেল তেল বহন করছিল।
কেপ্লার আরও জানিয়েছে, ট্যাংকার জাহাজগুলো এপ্রিলের মাঝামাঝি সময়ে খার্গ দ্বীপে তেল দিয়ে লোড করা হয়। ইরানের তেল রপ্তানির প্রধান অঞ্চল হলো এই দ্বীপ। এখান দিয়ে দেশটির ৯০ শতাংশ তেল ট্রানজিট করা হয়।
ট্যাংকাগুলো সোমবার যখন হরমুজ পাড়ি দিচ্ছিল তখন সেগুলোর এআইএস ট্রান্সপন্ডার বন্ধ ছিল।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। ইরানকে নিজেদের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি করতে ওই সময় থেকে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
অবরোধ ভেঙে ইরানি বন্দর থেকে যাওয়া এবং আসা একাধিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলাও চালিয়েছে। তা সত্ত্বেও ইরানি ট্যাংকার হরমুজ পাড়ি দেওয়া বন্ধ করেনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই
