বিজ্ঞাপন

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মেরামতে ইউক্রেনের জাপোরিঝিয়ায় যুদ্ধবিরতি

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মেরামতে ইউক্রেনের জাপোরিঝিয়ায় যুদ্ধবিরতি

গুরুত্বপূর্ণ মেরামত কাজ চালানোর জন্য জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ)। শুক্রবার (০৫ জুন) সকাল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের মধ্যে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া প্ল্যান্টের সুরক্ষা একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

আলজাজিরা জাানিয়েছে, যুদ্ধের সম্মুখভাগ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চল জুড়ে বিস্তৃত। ফলে এলাকাটি তীব্র স্থলযুদ্ধ, ড্রোন হামলা এবং গোলন্দাজ বাহিনীর গোলাগুলিতে জর্জরিত। পারমাণবিক দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বেশি থাকায় আইএএইএ জানিয়েছে, আগামী দিনগুলোতে উভয় পক্ষের প্রযুক্তিবিদরা ‘যুদ্ধ-সম্পর্কিত ক্ষয়ক্ষতি’ মেরামত শুরু করবেন।

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির মধ্যস্থতায় এটি ষষ্ঠ অস্থায়ী যুদ্ধবিরতি। তিনি বলেন, ‘পারমাণবিক নিরাপত্তার স্বার্থে’ দানিপ্রোভস্কা বিদ্যুৎ লাইন মেরামতের জন্য যুদ্ধবিরতিতে মস্কো ও কিয়েভ সম্মত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাসেরও বেশি সময় আগে প্ল্যান্টটি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এর বন্ধ থাকা ছয়টি রিয়্যাক্টর ঠান্ডা করতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের জন্য এটিকে একটিমাত্র লাইনের ওপর নির্ভর করতে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্ল্যান্টটি বারবার সেই লাইনের সংযোগ হারিয়েছে। এজন্য জরুরি ডিজেল জেনারেটর ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত সহিংসতার খবর পাওয়া গেছে। জরুরি পরিষেবা জানিয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলে রাতভর ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা হয়েছে।

আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক টেলিগ্রামে একটি পোস্টে বলেন, শুক্রবার ভোরে কিয়েভের কাছে একটি খাদ্য উৎপাদন কেন্দ্রে রুশ ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। শত্রুরা একটি বেসামরিক খাদ্য শিল্প প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

শহরটির সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ শ্যাঙ্কো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চলের কোনোটপ শহরের মেয়র আর্তেম সেমেনিখিন টেলিগ্রামে জানান, রুশ হামলায় শহরটিতে তিন শিশু আহত হয়েছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা প্রতিহত করতে রাশিয়া তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। তিনি বলেন, রাশিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমাদের অবশ্যই এর উন্নতি করতে হবে। আমাদের অবশ্যই এটিকে শক্তিশালী করতে হবে। আমরা তা করব।

সূত্র: আলজাজিরা

এমটিআই