অনেক জল্পনা কল্পনার পর ইরানের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে দেওয়া হয়েছে কঠোর শর্ত। মেক্সিকোতে নিযুক্ত ইরানি দূত জানিয়েছেন, যেদিন ম্যাচ থাকবে ওইদিন সকালে তাদের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন। এরপর খেলা শেষ হওয়ার পরই আবার দেশটি ছাড়তে হবে।
এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের তিনটিই হবে যুক্তরাষ্ট্রে।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জেরে ইরানের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল।
বিশ্বকাপের আগে ইরান দলের থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাসকনে। কিন্তু বর্তমানে তারা আছে মেক্সিকোতে।
এখন মেক্সিকো থেকেই ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে যাবে তারা। আবার ওইদিনই মেক্সিকোতে ফিরে আসবে।
এ ব্যাপারে ইরানের মেক্সিকো রাষ্ট্রদূত আব্দুলফজল পাসানদিদেহ বলেছেন, “আমরা সকালে ঢুকতে পারব এবং আমাদের ওইদিনই আবার চলে যেতে হবে। ভিসায় এমন বিধিনিষেধ দেওয়া হয়েছে।”
ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে।
সূত্র: এএফপি
এমটিআই

