বিজ্ঞাপন

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং দখলদারিত্ব বৃদ্ধির প্রতিবাদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স। রোববার (০৭ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ওই হুমকি দিয়ে বলেছেন, আগামী দিনে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আরও নিষেধাাজ্ঞা আসতে পারে।

গত মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সমর্থনকারী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরই ফ্রান্স এ হুঁশিয়ারি দিয়েছে।

পাবলিক সিনেট টেলিভিশন এবং আরটিএল রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ব্যারো বলেন, ইউরোপের বিভিন্ন দেশ আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। যদিও দেশগুলোর নাম জানাননি তিনি।

ইইউর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, আমরা আরও কঠোর হতে পারি। আগামী দিনগুলোতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে তার এই মন্তব্য এসেছে। এর মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতি পশ্চিমা দেশগুলোর ক্ষোভের বিষয়টি ফুটে উঠেছে।

কূটনীতিকরা বলছেন, এই সম্প্রসারণের লক্ষ্য হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করা। ইউরোপীয় কূটনীতিকরা বলেছে, পশ্চিম তীরের সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ফ্রান্স কয়েকটি দেশের সাথে কাজ করছে।

ব্যারো বলেন, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের বৃদ্ধি এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিতে ফ্রান্স অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেন, এ কারণেই আমরা শুধু এই সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের ওপরই নয়, বরং ইসরায়েলের এরসঙ্গে সংশ্লিষ্ট সংস্থা, কোম্পানি ও সংগঠনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিয়েছি।

এসব প্রতিষ্ঠান বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনিদের জমি থেকে বিতাড়িত করতে, তাদের ফসল পুড়িয়ে দিতে এবং সরকারি ভবন ধ্বংস করার উপকরণ সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন তিনি।

গত ২২ মে ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ এবং ক্রমবর্ধমান বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলছে, গত কয়েক মাসে পশ্চিম তীরের পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।

সূত্র: রয়টার্স

এমবি/এসএস