বিজ্ঞাপন

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা চালানোর দাবি অস্বীকার ইরানের

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা চালানোর দাবি অস্বীকার ইরানের

সৌদি আরবের আল-খার্জ বিমানঘাঁটিতে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। রাজধানী রিয়াদের উপকণ্ঠের আল-খার্জে এ ঘাঁটির অবস্থান। সোমবার (৮ জুন) সকালে সেখানে সম্ভাব্য মিসাইল হামলার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়। এরপরই শোনা যায় ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। এটি প্রিন্স সুলতান বিমানঘাঁটি নামে পরিচিত।

তবে ইরান জানিয়েছে, তারা আজ সৌদিতে কোনো হামলা চালায়নি।

সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেছেন, “সৌদি আরব আল-খার্জ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।”

ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ

গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েল থেকে ইয়েমেনের অনেক দূরত্ব থাকা সত্ত্বেও হুতিরা সেখান থেকেই মিসাইল হামলা চালায়।

ইসরায়েলের হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি।

তবে এক ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আঘাত পান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এমটিআই