ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় হামলা প্রতিহতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার (৮ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী কিছুক্ষণ আগে তেহরানে বিস্তৃত হামলা শেষ করেছে।
এই হামলায় কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তারা বলেছে, ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট করে হামলা চালানো হয়েছে।
এরআগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলাকে ‘অপারেশন রোয়িং লায়ন’ হিসেবে নামকরণ করেছিল ইসরায়েল। আইডিএফ বলেছে, ওই হামলার পর যে যুদ্ধবিরতি হয়েছিল তখন ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করেছিল। আজ সেগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে তারা লিখেছে, “সম্প্রতি ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের 'অপারেশন রোরিং লায়ন'-এর সময় ইরানের যে রাডার ও প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা পুনর্গঠন ও আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। আজ সেসব অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে এসব ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই
