বিজ্ঞাপন

হামলা-পাল্টা হামলার মাঝেও চলছে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা

হামলা-পাল্টা হামলার মাঝেও চলছে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা

ইসরায়েলের সঙ্গে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চুক্তির আলোচনা বন্ধ হয়নি। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না তা স্পষ্ট করেননি বাঘেই। তবে তিনি বলেছেন, দু’দিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির তেহরানে আসার অন্যতম কারণ ছিল আলোচনা চালিয়ে যাওয়া এবং মধ্যস্থতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পন্ন করতে সহায়তা করা।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। এরই অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ‘বিশেষ বার্তা’ পৌঁছে দিয়েছেন মহসিন নাকভি।

গত ১ জুন থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ কিছু ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান বন্ধ করে দেবে।

গত ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটন বার্তা বিনিময় করছে। এর অংশ হিসেবে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১১-১২ এপ্রিল ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার প্রতিশোধে ইসরায়েলে নতুন করে ওই হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানি হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। চিরবৈরী দুই শত্রুপক্ষের হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি।

এমবি/এসএস