ইরান-ইসরায়েলের হামলা-পাল্টা হামলা ঘিরে সৃষ্ট উত্তেজনার মাঝে ওমান উপকূলে ‘ম্যারিভেক্স’ নামের একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ওই ট্যাংকারে আকস্মিকভাবে আগুন ধরে যায়। ট্যাংকারটিতে ২৪ জন ভারতীয় নাবিক রয়েছেন।
মাদাগাস্কারের পতাকাবাহী ওই ট্যাংকারে কোনও কার্গো ছিল না এবং ক্রু সদস্যদের সবাই নিরাপদ রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ‘‘ভারতীয় নাবিকবাহী একটি জাহাজের দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মিশন। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’’
সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ট্যাংকারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকম বন্দরের দিকে যাওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা বলেন, ট্যাংকারে অবস্থানরত সব ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদ রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে আমাদের ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করছি।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন মহাপরিচালকের কার্যালয়ের মাধ্যমে এখন পর্যন্ত ৩ হাজার ৫০৬ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে গত ৯৬ ঘণ্টায় ৩২ জনকে ফিরিয়ে আনা হয়েছে।
স্থানীয় সময় দুপুর দেড়টায় লাগা এই আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: এনডিটিভি।
এসএস
