বিজ্ঞাপন

হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

হরমুজ প্রণালিতে “নৌযান চলাচলে বাধা সৃষ্টির” কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো। ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস সোমবার এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোন সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

কালাস আরো বলেন, “হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে ইইউ জোট। জোটের সদস্যরাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।”  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করলো বলেও উল্লেখ করেছেন কাজা কালাস।

সূত্র : বিবিসি বাংলা

এসএমডব্লিউ