বিজ্ঞাপন

নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক আজ

নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের বাংলাদেশ সীমান্ত বাহিনীর শীর্ষ স্তরের বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। সে জন্য গতকাল সোমবার দিল্লিতে পৌঁছে গিয়েছে বাংলাদেশি বাহিনীর প্রধান (ডিজি) মেজর জেনারেল মোহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন বিজিবির প্রতিনিধিদল।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার এবং বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম দু’দেশের বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন বৈঠক হচ্ছে। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ান এবং ভারতীয় নাগরিকদের উপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে নতুন সরকারও বাংলাদেশি অবৈধবাসীদের ধরপাকড় শুরু করেছে। নথিবিহীন বাসিন্দাদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এ অবস্থায় বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারত-বাংলাদেশের মধ্যে মোট ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার মধ্যে অর্ধেকেরও বেশি, প্রায় ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। বাংলাদেশের লাগোয়া এ রাজ্যের নতুন রাজ্য সরকার অবৈধ অধিবাসীদের বিতা়ড়নের জন্য তৎপর হয়েছে। অবৈধ অধিবাসী এবং অনুপ্রবেশকারী ইস্যুতে ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ বা ‘থ্রি-ডি’ এই নীতিতে চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

রোববার কলকাতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, গত এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৪,৮০০ জন অবৈধবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৮৩৬ জনকে ফেরত পাঠানোর জন্য হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

পিটিআই জানাচ্ছে, সীমান্ত অপরাধ দমন এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়েই আলোচনা হবে ওই বৈঠকে। পাশাপাশি সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি অবৈধবাসীদের বিজিবি-র কাছে হস্তান্তরের বিষয়গুলিও এই বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর।

এসএমডব্লিউ