হরমুজ প্রণালির অবরোধ আঞ্চলিক সংকটের চেয়েও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ। তিনি সেখানে কৃষি ও বাণিজ্য পথ খোলা রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
মঙ্গলবার (০৯ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোমে এফএও কাউন্সিলের ১৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কু বলেন, এই পরিস্থিতি বৈশ্বিক কৃষি-খাদ্য ব্যবস্থায় বিশেষ করে জ্বালানি, সার এবং খাদ্য উৎপাদনের উপকরণের ক্ষেত্রে ক্রমবর্ধমান দুর্বলতাগুলোকে তুলে ধরেছে।
তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া কোনো আঞ্চলিক বিষয় নয়। এটি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ঝুঁকি। বিশ্বের অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং সারের রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন করা হয়।
এফএও মহাপরিচালক বলেন, আমরা অদূর ভবিষ্যতে বাণিজ্য উন্মুক্ত রাখা, সকল কৃষি উপকরণের রপ্তানি নিষেধাজ্ঞা পরিহার করা, মানবিক খাদ্য করিডোর রক্ষা করা এবং বিকল্প সরবরাহ পথ তৈরির আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, খাদ্য সংকটের চেয়ে সার ও উৎপাদন সংকট বেশি উদ্বেগজনক। এতে করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার কৃষকদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। ফলে উৎপাদন ও সরবরাহে ভয়াবহ সংকট দেখা দিতে পারে।
এফএও বলছে, বৈশ্বিক সার বাণিজ্যের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ এবং বিপুল জ্বালানি ও সালফারের চালান হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এর ফলে এটি বৈশ্বিক খাদ্য উৎপাদন ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
চলতি বছরের শেষের দিকে সম্ভাব্য এল নিনোসহ জলবায়ু-সম্পর্কিত পরিবর্তন সংঘাত ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলেও সতর্ক করেন এফএও মহাপরিচালক।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমটিআই/এমবি
