যুদ্ধবিরতি ও ইরানের সতর্কতা সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে আজ মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের তায়েরে বিমান হামলায় একসঙ্গে আটজন নিহত হয়েছেন।
আলজাজিরা অ্যারাবিককে সেখানকার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে তায়েরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েল। তারা বলেছিল, সেখানে থাকা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
আলজাজিরা জানিয়েছে, আজ যে হামলা হয়েছে সেটি অত্যন্ত জনবহুল এলাকা।
লেবাননের রাজধানী বৈরুতে গত রোববার হামলা চালায় দখলদার ইসরায়েল। এর জেরে ওইদিন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে ইরান। ওইদিন রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ হামলা বন্ধে সম্মত হয়।
ইসরায়েল বৈরুতে হামলা না করলেও লেবাননের দক্ষিণাঞ্চলকে যুদ্ধবিরতি থেকে বাদ দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল জানান, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রাখবেন। এতে যদি ইরান ও হিজবুল্লাহ কোনো প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা পাল্টা হামলা শুরু করবেন।
ইরান গতকাল হুমকি দিয়েছিল ইসরায়েল যদি আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আরও কঠোর হামলা চালানো হবে। তবে ইরান এখন পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের হামলা নিয়ে নতুন কিছু বলেনি। যদিও গতকাল মিসাইল ছুড়ে বৈরুতে হামলা ঠেকিয়েছে তেহরান।
সূত্র: আলজাজিরা
এমটিআই
