ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে গতকাল রাতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আর এ হামলার পর পর সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি তাদের হামলার ব্যাপারে অবহিত করেন।
ইরানি বার্তাসংস্থা ইরনা বুধবার (১০ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি ও তার্কিস মন্ত্রীর সঙ্গে আলাদা ফোনালাপে যুক্ত হন আরাগচি।
এ সময় মার্কিন হামলা-আগ্রাসন ও ইরানের ভৌগলিক অখণ্ডতার লঙ্ঘনের নিন্দা জানান ইরানি মন্ত্রী। তিনি উল্লেখ করেন ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা এই অধিকার প্রয়োগ করবেন।
গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ভূপাতিত করেছে ইরান। এরপর তিনি এর জবাব দেওয়ার হুমকি দেন। তার হুমকির কয়েক ঘণ্টা পর মার্কিন সেনারা ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায়।
এর জবাব দিতে ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ডও একই ঘোষণা দিয়েছে। তবে তারা সতর্কতা দিয়েছে, মার্কিনিরা যদি আবারও আগ্রাসন চালায় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে।
সূত্র: মেহের নিউজ
এমটিআই
