হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল রাতে যুক্তরাষ্ট্র এখানে হামলা চালায়। আজ বুধবার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে দ্বীপটি আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত জানা যায়নি নতুন বিস্ফোরণটি কিসের ছিল।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, “আজ ভোর থেকে হরমুজগান প্রদেশ ও পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চলগুলো আমেরিকান শত্রুদের হামলা মধ্যে আছে। তবে তাদের এ হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী।”
গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ভূপাতিত করেছে ইরান। এরপর তিনি এর জবাব দেওয়ার হুমকি দেন। তার হুমকির কয়েক ঘণ্টা পর মার্কিন সেনারা ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায়।
এর জবাব দিতে ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ডও একই ঘোষণা দিয়েছে। তবে তারা সতর্কতা দিয়েছে, মার্কিনিরা যদি আবারও আগ্রাসন চালায় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের হামলার পর পর সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের অবহিত করেন।
সূত্র: মেহের নিউজ
এমটিআই
