ইয়েমেন উপকূলে একটি পণ্যবাহী জাহাজে গোলাগুলি হয়েছে। দেশটির বালহাফ এলাকার ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছোট একটি নৌযানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, ছোট নৌযান এবং পণ্যবাহী জাহাজের সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনার পর ছোট নৌযানটি দিক পরিবর্তন করেছে।
তুরস্কের সরকারি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া ঘটনাটি নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত সোমবার গুরুত্বপূর্ণ নৌপথ বাব-এল মান্দেবে ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নৌ অবরোধ সফল করতে হুথিদের বিভিন্ন কৌশল রয়েছে। এর আগেও গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালি দিয়ে ইসরায়েলি যান চলাচল নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সফল হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা পূর্ববর্তী সময়ে নৌপথটি ইসরায়েলি জাহাজে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে নৌ-মাইন ছড়িয়ে দিয়েছিল। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করেও হামলা চালিয়েছিল।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এটি পূর্ণাঙ্গ অবরোধ হবে। ফলে ইসরায়েল যদি এর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
হুথিদের এক রাজনৈতিক কর্মকর্তা আলজাজিরা বলেন, ইসরায়েল যদি ইয়েমেনে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধির অর্থ ইসরায়েল ইয়েমেনে হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলে অঞ্চলজুড়ে আরও ইসরায়েলি ও মার্কিন সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমবি
