বিজ্ঞাপন

আলবেনিয়া

ট্রাম্পের জামাতার প্রকল্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ট্রাম্পের জামাতার প্রকল্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দেশটির রাজধানী তিরানায় সংঘটিত এ কর্মসূচিকে এ যাবতকালের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে বিক্ষোভ পালিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ লেখা প্লাকার্ড দেখা গিয়েছে। বিক্ষোভটি প্রায় আধা মাইল ছাড়িয়ে গিয়েছিল। 

প্রায় ৫ বিলিয়ন ইউরোর এ প্রকল্পটিকে ঘিরে বলকান দেশটিতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে। কারণ ফ্লেমিঙ্গো, সীল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থানসহ সংরক্ষিত জলাভূমির নিকটবর্তী এলাকায় প্রকল্পটি নেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের প্রণীত পরিকল্পনা ঘিরে স্বচ্ছতার অভাব রয়েছে। এ ঘটনায় সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

লেয়ান্ড লাকরোরি নামের এক বিক্ষোভকারী বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আলবেনিয়ায় গত ৩৫ বছর যা চলছে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। তাই এ ধরনের ঘটনা আর চলতে দেওয়া হবে না। 

দক্ষিণ উপকূলের জভেরনেক গ্রামে এ রিসোর্ট তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ গ্রামটি থেকেই ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামের এ বিক্ষোভের শুরু হয়েছে। কারণ এলাকাটিতে একটি সংরক্ষিত জলাভূমি রয়েছে। এটি পরিযায়ী পাখিদের জন্য বিশ্রামস্থল হিসেবে  পরিচিত। 

আলবেনিয়ার প্রধানমন্ত্রী পরিবেশগত উদ্বেগগুলোকে হালকা করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, প্রকল্প এলাকার পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে ও প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আলবেনিয়ার বন্যপ্রাণীর জন্য আমরা যা করেছি, তা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। বন্যপ্রাণী ও প্রকৃতির ক্ষেত্রে যা কিছু রক্ষা দরকার, তার বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। এ বিষয়টি নিয়ে ইউরোপীয় কমিশনের সন্দেহ করার কোনো কারণ নেই।

ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে আলবেনিয়া এবং অন্যান্য বলকান দেশগুলোকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইউরোপীয় পরিবেশ আইনের সঙ্গে সঙ্গতি রক্ষা করাই যোগদানের অন্যতম শর্ত। 

ইইউ মুখপাত্র গিয়োম মার্সিয়ে বলেন, আলবেনিয়ার এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত যা চূড়ান্ত লক্ষ্যমাত্রা পূরণের পথে বাধা সৃষ্টি করতে পারে। আমরা আশা করি আলবেনিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেবে।

সূত্র: আলজাজিরা

এমবি