বিজ্ঞাপন

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি তদারকির দায়িত্বে থাকা ইরানের নতুন সংস্থা কৌশলগত এই জলপথ পুরোপুরি বন্ধের নির্দেশ নিশ্চিত করেছে। বুধবার রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই প্রণালী বন্ধের ঘোষণা দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে নতুন সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি (পিজিএসএ) এক পোস্টে বলেছে, ‌‌‘‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি।’’

সংস্থাটি বলেছে, ‘‘যাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল, সেই আবেদনকারীদের ধৈর্য ধারণ এবং পিজিএসএর নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে।’’

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে তাদের ওপর হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলবার রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌ সেনারা। তাদের হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

গতকাল হামলা ও পাল্টা হামলার পর লড়াই থামলেও আজ মাঝরাতে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে করে গত এপ্রিলে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে যায়। এখন ইরান এটিকে অর্থহীন হিসেবেই বিবেচনা করছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে বলেছে, ‘‘গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের অবৈধ ও ক্রিমিনাল হামলা যুদ্ধবিরতির শুধু লঙ্ঘনই নয়, এটি যুদ্ধবিরতিকে অর্থহীনে পরিণত করেছে।’’

‘‘এসব অপরাধমূলক কর্মকাণ্ডের যে দায়ভার সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নেতৃত্বকেই বহন করতে হবে।’’

সূত্র: এএফপি।

এসএস