আত্মহত্যার উদ্দেশ্যে ছয় মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ৬ তলা থেকে লাফ দিয়েছেন এক মা। নিচে পড়ার পর মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে শিশুটি বেঁচে গেছে। এমনকি তার আঘাতও গুরুতর নয়।
গতকাল শুক্রবার (১২ জুন) ভারতের হায়দরাবাদের মিয়াপুরে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওই মায়ের নাম ইসা শাহু বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির মা সরাসরি মাটিতে আছড়ে পড়লেও; সে মাটিতে পড়ার আগে একটি বেড়ার ওপর পড়ে। এতে করে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়নি।
সেখানকার বাসিন্দারা দ্রুত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি আশঙ্কামুক্ত রয়েছে।
৩৭ বছর বয়সী ওই নারীর স্থায়ী ঠিকানা মধ্যপ্রদেশে। তিনি থাকতেন হায়দরাবাদে। স্বামী ও দুই সন্তানের সঙ্গে থাকতেন তিনি। যারমধ্যে ছোট শিশুটিকে নিয়ে লাফ দেন। তার অন্য সন্তানটির বয়স মাত্র আট বছর।
পুলিশ জানিয়েছে, তিনি বেশ কয়েক মাস ধরে তীব্র অনিদ্রা, দুশ্চিন্তা এবং সন্তান প্রসব-পরবর্তী মানসিক অবসাদে (পোস্টপার্টাম ডিপ্রেশন) ভুগছিলেন।
যখন তিনি কোলের সন্তানকে নিয়ে লাফ দেন তখন বাড়িতে অন্য সদস্যরা ছিলেন। শুক্রবার দুপুর ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ইসা ও তার স্বামী দুজনই বেসরকারি চাকরি করতেন এবং অ্যাপার্টমেন্টে থাকতেন। এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন ইসার আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশীরা।
সূত্র: এনডিটিভি
এমটিআই
