বিজ্ঞাপন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নিয়ে বই লেখা মার্কিন ব্যবসায়ী আটক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নিয়ে বই লেখা মার্কিন ব্যবসায়ী আটক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের অভিজ্ঞতার ওপর বই লেখা এক মার্কিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ফেরার পর তাকে আটক করা হয়েছে বলে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ডাম কাস্তিলিও নামের ওই ব্যবসায়ী মিয়ানমারে আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক প্রধান। তিনি ইয়াঙ্গুনে বসবাস এবং সেখানে একটি নিরাপত্তা সংস্থা পরিচালনা করেন। দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, মিয়ানমারে এক মার্কিন নাগরিকের আটক হওয়ার খবর সম্পর্কে তারা অবগত আছেন। তবে গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে আর কোনও মন্তব্য করেননি তিনি।

আর মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্র বলেছেন, এই বিষয়ে তারা কোনও তথ্য পাননি এবং তাদের কোনও মন্তব্য নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের তথ্য অনুযায়ী, কাস্তিলিও তার ‘ফাইন্ডিং আওয়ার ভয়েস’ নামের একটি বইয়ের প্রচারণায় বিদেশে ছিলেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে অবস্থান করার অভিজ্ঞতা নিয়ে বইটি লেখা হয়েছে; যে অভ্যুত্থান দেশটিকে ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি করেছে।

নোবেলজয়ী অং সান সু চির অধীনে দেশটিতে গণতান্ত্রিক শাসনের যে সংক্ষিপ্ত পথচলা শুরু হয়েছিল, সামরিক বাহিনীর ক্ষমতা দখল তার অবসান ঘটায়। এর ফলে দেশটির সেনাবাহিনী এবং দীর্ঘদিন ধরে সক্রিয় জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে জোটবদ্ধ গণতন্ত্রপন্থী সশস্ত্র প্রতিরোধ বাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়।

গত এপ্রিলের শুরুতে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লেইং দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তীব্র সমালোচিত এবং সামরিক বাহিনীর কারসাজিতে হওয়া এক নির্বাচনের পর তিনি এই দায়িত্ব নেন। সু চির রাজনৈতিক দলসহ প্রধান বিরোধী দলগুলোকে এই নির্বাচনের বাইরে রাখা হয়েছিল এবং সংঘাতের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা কাস্তিলিও গত বছর হোয়াইট হাউস পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি মার্কিন কর্মকর্তাদের বিরল খনিজ পদার্থ পাওয়ার উদ্দেশ্যে মিয়ানমারে যুক্তরাষ্ট্রের শান্তি স্থাপনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা উচিত বলে পরামর্শ দিয়েছিলেন।

তার বইয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর রক্তক্ষয়ী দমনপীড়নের বিবরণ রয়েছে। তবে একই সঙ্গে এতে নিষেধাজ্ঞাসহ ওয়াশিংটনের নীতিকে অকার্যকর হিসেবে সমালোচনা এবং আরও বেশি ব্যবসায়িক সম্পৃক্ততার পক্ষে মত দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

এসএস