যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দীর্ঘ ৯ মিনিট ধরে জানালার কার্নিশ ধরে ঝুলে ছিল এক শিশু। তাকে বাঁচাতে এগিয়ে আসেন মোহাম্মদ জেসিল নামে এক ভারতীয়। দীর্ঘক্ষণ জানালায় ঝুলে থাকা শিশুটি যখন পড়ে যায় তখন তাকে ‘ক্যাচ’ ধরেন জেসিল।
গত মঙ্গলবার ইলফোর্ড হাই রোডের একটি দোকানের ওপর এ ঘটনা ঘটে। সেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মোহাম্মদ জেসিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোকে জানিয়েছেন, যখন তিনি ভারতে ছিলেন তখন ক্রিকেট খেলতেন। আর ক্রিকেট খেলার অভিজ্ঞতাই কাজে লাগিয়ে শিশুটিকে বাঁচাতে পেরেছেন।
মোহাম্মদ জেসিল বলেছেন তার পাঁচ বছর বয়সী দুই জমজ শিশু রয়েছে। একজন বাবা হিসেবেই ওই শিশুটিকে তিনি বাঁচাতে গেছেন।
জেসিল লন্ডনে একটি রেস্তোরাঁর ম্যানেজার হিসেবে কাজ করেন।
শিশুটিকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে ফোন করেন। ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তা উপস্থিত হন। তিনিই প্রথম শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তখন দৌড়ে সেখানে আসেন মোহাম্মদ জেসিল।
সৌভাগ্যক্রমে ওই ঘটনায় শিশুটি আহত হয়নি। শিশুটির বাবা ওই পুলিশ কর্মকর্তা ও মোহাম্মদ জেসিলকে হিরো হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তারা হলো সত্যিকারের হিরো যারা আমার মেয়েকে বাঁচিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমটিআই
