গ্যাং সহিংসতায় জর্জরিত হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে অপহরণ করেছে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে উচ্চপদস্থ কোনো ব্যক্তিকে অপহরণের ঘটনা। রোববার (১৪ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি) বলছে, অপহৃত ব্যক্তির নাম জেমস বয়য়ার্ড। তিনি হাইতির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্যাবিনেট ডিরেক্টর এবং জাতীয় পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার রাজধানীর বুর্দন এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে।
বয়য়ার্ড হাইতির শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দিয়েছে। দেশটিতে অপরাধী গ্যাংগুলো রাজধানীতে প্রভাব আরও শক্ত করছে। এমনকি তারা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
দেশটিতে গ্যাংয়ের প্রভাব বাড়তে থাকায় অপহরণও আশঙ্কাজনকহারে বেড়েছে। এতে সরকারের কর্তৃত্ব ক্ষুণ্ন হচ্ছে। অন্যদিকে মানবিক ও নিরাপত্তা সংকটও প্রকট আকার ধারণ করছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রয়য়ার্ডকে উদ্ধারের বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
এমবি
