বিজ্ঞাপন

ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে অসুস্থ হয়ে ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে। তিনি বন্দরটি নোঙর করা এমটি সেলেস্টিয়াল নামের একটি জাহাজে কর্মরত ছিলেন। শনিবার (১৩ জুন) রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দূতাবাস বলছে, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভারতের সরকারি তথ্য বলছে, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এরমধ্যে মধ্যপ্রাচ্যেই ১৮ হাজারের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 

এর আগে ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার মাত্র কয়েক দিন পর আরও এক নাবিকের মৃত্যু হয়েছে। আগের ওই হামলার ঘটনা ভারতের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করে বেসামরিক জাহাজের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সূত্র: রয়টার্স 

এমবি