বিজ্ঞাপন

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং সেটির ২ পাইলটের উভয়েই নিহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় ঘটেছে এ ঘটনা।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দু’ই পাইলটের নাম-পরিচয়ও জানানো হয়েছে বিবৃতিতে। তারা হলেন, বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।

বিবৃতিতে বলা হয়েছে, রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন এ দুই পাইলট। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই মারদান জেলায় ভূপাতিত হয় বিমানটি। পাইলট দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিমান ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

পাকিস্তানে সামরিক উড়োজাহাজ বা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা বিরল নয়। গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের আজাদ কাশ্মিরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। এতে ২২ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছিলেন।

সূত্র : এবিসি নিউজ

এসএমডব্লিউ