দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার চতুর্থ বৃহত্তম দ্বীপ সুলাওয়েসিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় বেলা ১০টা ২৭ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া, জলবায়ু এবং ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, সুলায়েসির জেলা পালু জেলার সৈকত থেকে ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল (এপিসেন্টার)। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে সুলাওয়েসির দুই জেলা পালু এবং সিগিতে। তবে সাগরের তলদেশে উৎপত্তি হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকারি সংস্থা।
পালুর বাসিন্দা নূর হায়দার নামের এক নারী এএফপিকে এ প্রসঙ্গে বলেন, “আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম, পরক্ষণেই দেখলাম পুরো বাড়ি কাঁপছে। এমনভাবে কাঁপছিল, মনে হলো যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম।”
ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।
ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় বিরল কোনো দুর্যোগ নয়। আগ্নেয় মেখলা অঞ্চলে নিয়মিতই টেকটোনিক প্লেটগুলোর মধ্যে ঠোকাঠুকি হয়, যার ফলাফল এই ভূমিকম্প।
২০১৮ সালে পালু দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও তার জেরে সুনামি হয়েছিল। সে সময় ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
সূত্র : এএফপি, স্ট্রেইট টাইমস
এসএমডব্লিউ
