বিজ্ঞাপন

হুমকি ট্রাম্পের

ভালো আচরণ না করলে আবারও ইরানে বোমা ফেলা হবে

ভালো আচরণ না করলে আবারও ইরানে বোমা ফেলা হবে

প্রতিশ্রুতি মেনে না চললে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরবৈরী দুই দেশের মাঝে যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন আগে বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সুইজারল্যান্ডে আগামী শুক্রবার যে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, সেটির দিকে ইঙ্গিত করে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‌‌‘‘না, এটি চূড়ান্ত চুক্তি নয়। এটি একটি সমঝোতা স্মারক।’’

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উপস্থিতিতে তিনি বলেন, ‘‘এটি (চুক্তি) যদি আমার পছন্দ না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবারও হামলা শুরু করব।’’

‘‘তারা যদি ভালোভাবে না চলে, তাহলে আমরা সরাসরি তাদের মাথার ঠিক মাঝবরাবর আবারও বোমা ফেলা শুরু করব।’’

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে মার্কিন মিত্র শাহকে ক্ষমতাচ্যুত করে যে ইসলামিক প্রজাতন্ত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইরানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘কারণ তারা ৪৭ বছর ধরে অসদাচরণ করে আসছে।’’

গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়।

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের পরপরই শুক্রবার থেকে এই সংঘাতের অবসান ঘটাতে চূড়ান্ত মার্কিন-ইরান সমঝোতা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করতে এই আলোচনা আগামী ৬০ দিন ধরে চলবে।

সূত্র: এএফপি।

এসএস