বিজ্ঞাপন

নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখি আমি : ট্রাম্প

নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখি আমি : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ়, কিন্তু নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ রাখতে মাঝে মাঝে কঠিন হতে হয় তার।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপুটোকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাক্ষাৎকারে তাকে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, “আমাদের সম্পর্ক ভালো এবং দৃঢ়; তবে তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমাদের মাঝে মাঝে কঠিন হতে হয়।”

উল্লেখ্য, সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলছে নেতানিয়াহুর। গত ২ মার্চ থেকে লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক বার নেতানিয়াহুকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন; কিন্তু নেতানিয়াহু ইসরায়েরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্ররাষ্ট্রের প্রেসিডেন্টের কথায় কর্ণপাত করছেন না। কয়েক দিন আগে এ ইস্যুতে নেতানিয়াহুকে কড়া ধমকও দিয়েছেন। ট্রাম্প।

সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিকে স্থায়ী শান্তি চুক্তির পথে নিয়ে যেতে চায় ওয়াশিংটন; কিন্তু তেহরান শর্ত দিয়েছে, স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে হলে ইসরায়েলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে।

লেবাননে যুদ্ধ বন্ধ করতে চান প্রেসিডেন্ট ট্রাম্পও। কিন্তু নেতানিয়াহুর আন্তরিকতার অভাব এবং অসহযোগিতার কারণে এখনও সেটি সম্ভব হয়নি।

ইসরায়েলকে লেবাননে হামলা করা থেকে বিরত রাখতে পারবেন কি-না— এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা আমাকে সম্মান করে, আমি কোনো নির্দেশ দিলে তারা সেটি পালন করবে।”

সূত্র : অ্যাক্সিওস, ইন্ডিয়া টুডে

এসএমডব্লিউ