মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে প্রতিনিধিদলের সুইজারল্যান্ড সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ইরানি আলোচক দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে।’’ এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে দিয়ে বলেছিলেন, এই চুক্তিটি ‘‘সংকটের মুখে’’ রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা পাকিস্তান বলেছে, যুদ্ধ অবসানে মার্কিন-ইরান চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে রোববার সুইজারল্যান্ডে একটি কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী পদক্ষেপ হিসেবে ২১ জুন সুইজারল্যান্ডের বার্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।
• আলোচনার মাঝেই হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’
‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’
সূত্র: এএফপি।
এসএস
