লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছিল।
গতকাল শনিবার (২০ জুন) সেনাবাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
গত শুক্রবার দক্ষিণ লেবাননে তীব্র হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওইদিন হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হন। অপরদিকে দখলদারদের হামলায় প্রায় ৩০ লেবাননি প্রাণ হারান।
ইসরায়েলি সেনাবাহিনীর ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, “প্রতিরক্ষা বাহিনীকে হামলা বন্ধের জন্য নতুন রাজনৈতিক পর্যায় থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী সক্রিয় হামলা চালাচ্ছে না। এর বদলে শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।”
“হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতির শর্ত না মানে তাহলে আত্মরক্ষামূলক কার্যক্রম অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর জবাব দেওয়ার অধিকার রয়েছে।”
হামলা বন্ধের কথা বললেও লেবাননে এখনো লড়াই চলছে। বিশেষ করে তেবনিত নামে একটি এলাকায়। দখলদাররা দাবি করেছে সেখানে হিজবুল্লাহর ব্যাপক অবকাঠামো রয়েছে যেগুলো ধ্বংস করা হচ্ছে।
শুক্রবার ও শনিবার মিলিয়ে ইসলায়েল লেবাননে আরও একশরও বেশি মানুষকে হত্যা করেছে।
সূত্র: এএফপি
এমটিআই
