বিজ্ঞাপন

রাতভর মস্কোতে ৬০টি ড্রোন ছুড়ল ইউক্রেন, ৪ বিমানবন্দর বন্ধ করল রাশিয়া

রাতভর মস্কোতে ৬০টি ড্রোন ছুড়ল ইউক্রেন, ৪ বিমানবন্দর বন্ধ করল রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রোববার রাতভার ৬০টি বিস্ফোরকবাহী সামরিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলোকে আটকে দিয়ে ধ্বংস করে ফেলেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে পোস্ট করা সেই বার্তায় মেয়র বলেন, “ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর বিভিন্ন সড়কে পড়ে আছে ড্রোনগুলোর ধ্বংসাবশেষ, সেগুলো পরিস্কার করা হচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে মস্কোর আকাশসীমা বন্ধ করা হচ্ছে এবং শেরেমেতিওভো, দোমোদেদোভা, ভ্নুকোভো এবং ঝুকোভস্কি—রাজধানীর ৪টি বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হচ্ছে।”

অবশ্য ইউক্রেন থেকে আর ড্রোন না আসায় কয়েক ঘণ্টা পর ফের চালু করা হয় বিমানবন্দরগুলো।

বিগত বেশ কয়েকদিন ধরে রাশিয়ায় ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। এসব হামলার বেলায় অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হচ্ছে মস্কোর বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে। গত সপ্তাহে মস্কোর একমাত্র তেল শোধনাগার লক্ষ্য করে রাতভর ২ শতাধিক ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেন।

এবং সেবারও সব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছিল রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

এসএমডব্লিউ