বিজ্ঞাপন

বললেন রণধীর জয়সওয়াল

নিজ ইচ্ছায় দিল্লি থেকে ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান

নিজ ইচ্ছায় দিল্লি থেকে ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করে নয়াদিল্লি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই অভিযোগের বিষয়ে মন্তব্য করেছেন।

রণধীর জয়সওয়াল বলেছেন, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদে তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন বলে জানান। পরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন।

গত ১৪ জুন দিল্লির বিমানবন্দরে উপদেষ্টা জাহেদ উর রহমানকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। এই বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাখ্যা দেন রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২৮তম বৈঠকে যোগ দেওয়ার লক্ষ্যে সার্ক ভিসাসহ ব্যক্তিগত পাসপোর্টে এখানে এসেছিলেন জাহেদ উর রহমান।

‌‌‘‘দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। তার সফরের উদ্দেশ্য যে একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দেওয়া সেটি নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’’

জাহেদ উর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান।

দিল্লি বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে বসে থাকতে হয়। যদিও বাংলাদেশ হাইকমিশনসহ নানা পক্ষের তৎপরতায় তাকে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পর শেষ পর্যন্ত ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সূত্র: এএনআই।

এসএস