বিজ্ঞাপন

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিমের

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিমের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উম এবার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। আরও বলেছেন, প্রতি বছর ২টি করে যুদ্ধজাহাজ তৈরি পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া এবং প্রতিটি জাহাজ হবে ৫ হাজার টনের।

আগামী ৫ বছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার বন্দর-শহর নাম্পোতে চো হিয়ন নামের একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে নিজেদের নৌবাহিনীতে কমিশন্ড (আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি) করে দেশটির নৌবাহিনী। কমিশন্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম জং উন।

অনুষ্ঠানে প্রদান করা বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, “আজ আমরা ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চো হিয়নকে কমিশন্ড করলাম, শিগগিরই ক্যাং কন নামের আরেকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে কমিশন করা হবে। সেটিও ৫ হাজার টনের এবং ‍সামরিক অপারেশনে ব্যবহারের উপযোগী।”

“এখন থেকে আমরা প্রতি বছর দু’টি করে যুদ্ধজাহাজ তৈরি করব। আগামী ৫ বছর এই প্রকল্প চলবে। এ প্রকল্পের আওতায় একটি আমরা ১০ হাজার টনের ক্রুজার যুদ্ধজাহাজও তৈরি করা হবে। এছাড়া দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও সরকারের আছে।”

এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চো হিয়নকে কমিশন করার আগে টানা ১৪ মাস জাহাজটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে উত্তর কোরীয় নৌবাহিনী।

কেসিএনএর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, চো হিউন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটিতে সবচেয়ে উত্তর কোরীয় নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো দিয়ে সজ্জিত করা হয়েছে। গত এপ্রিল মাসে এই জাহাজ থেকেই পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ভবিষ্যতে দেশের নৌ প্রতিরক্ষা খাতকে আরও উন্নত ও সমৃদ্ধ করা হবে উল্লেখ করে মঙ্গলবারের বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, “দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বাড়ানো ব্যাতীত আর কোনো বিকল্প আমাদের হাতে নেই।”

সূত্র : এএফপি, রয়টার্স, এনডিটিভি

এসএমডব্লিউ