বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

সামরিকসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ ‘নির্ভরতা’ কমানোর ক্ষেত্রে যুদ্ধাস্ত্র নির্মাণ খাতকে অগ্রাধিকার দিতে চান তিনি।

গতকাল ফিলিস্তিনের পশ্চিমতীর অঞ্চলের গুশ এৎজিওনের শহরের সেনাঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নেতানিয়াহু বলেন, “মার্কিন বন্ধুদের কাছ থেকে যে সহায়তা-সমর্থন আমরা পেয়ে এসেছি এবং পাচ্ছি— সেজন্য আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আমাদের নির্ভরতা থেকে থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এক্ষেত্রে আমি যুদ্ধাস্ত্র নির্মাণ খাতকে অগ্রাধিকার দিতে চাই। আমাদের এখন নিজেদের জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র নিজেরা তৈরি করার মতো সক্ষমতা থাকা উচিত বলে আমি মনে করি। একই সঙ্গে আমাদের প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো প্রয়োজন। সেটি সামরিক-বেসামকির উভয়ক্ষেত্রেই।”

উল্লেখ্য, ইরানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি নিয়ে নিজেদের সবচেয়ে প্রভাবশালী মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে তিক্ততা চলছে ইসলায়েলের। তার ওপর এ ইস্যুতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যকে নেতানিয়াহু ‘অপমান’ হিসেবে নিয়েছেন বলেও ধারণা করছেন অনেকে।

গত বৃহস্পতিবার ইসরায়েলের চাঁছাছোলা সমালোচনা করেছেন ভ্যান্স। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, “যদি আমি ইসরায়েলি সরকারের মন্ত্রিসভায় থাকতাম, সেক্ষেত্রে সম্ভবত আমি সারা বিশ্বে নিজেদের একমাত্র শক্তিশালী মিত্রকে আঘাত করার দুঃসাহস করতাম না।”

নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে জে ডি ভ্যান্স আরও বলেন, “গত তিন মাসেরও বেশি সময় ধরে আপনারা যেসব অস্ত্র ব্যবহার করছেন— মার্কিন হাতে এবং মার্কিনীদের করের অর্থে তৈরি হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইসরায়েলকে নিয়ে চিন্তা করা বা ইসরায়েলের সুরক্ষা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তারা চায় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে যেচে গিয়ে তাদের সমস্যার সমাধান করুক।”

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ