বিজ্ঞাপন

বৃষ্টিতে দরজা লাগানো নিয়ে তর্ক, ট্রেনের ভেতর একজনকে মেরে ফেললেন আরেকজন

বৃষ্টিতে দরজা লাগানো নিয়ে তর্ক, ট্রেনের ভেতর একজনকে মেরে ফেললেন আরেকজন

ঝুম বৃষ্টিতে ট্রেনের ভেতর পড়ছিল বৃষ্টির ফোঁটা। এতে করে একজন ট্রেনের দরজা লাগিয়ে দেন। আরেকজন চাইছিলেন দরজা খোলা থাকুক। এ নিয়ে তর্ক করে চলন্ত ট্রেনের ভেতর ছুরিকাঘাতে এক যাত্রীকে মেরে ফেলেছেন আরেক যাত্রী।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে ভারতের মুম্বাইয়ে একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম মায়াঙ্ক লোহার। তিনি চার্চগেট থেকেনাল্লাসোপাড়াগামী একটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিতে করে যাচ্ছিলেন। তার সঙ্গে আরেক যাত্রীর দরজা বন্ধ নিয়ে তর্ক হয়। ওই সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনার ভিডিও ধারণ করেন আরেক যাত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে কালো শার্ট পরা এক ব্যক্তি ছুরি হাতে দাঁড়িয়ে আছেন। আর আরকজন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন।

যিনি ভিডিও করছিলেন তিনি চিৎকার করে বলছিলেন, “তিনি হত্যা করেছেন, এই লোক সত্যি হত্যা করেছে।”

তবে ছুরিকাঘাত করা ব্যক্তিকে কেউ ওই সময় ঠেকাতে যাননি। সবাই অনেকটা পেছন দিকে সরে গিয়েছিলেন।

ভারতের ওয়েস্টার্ন রেলওয়ে পুলিশ জানিয়েছে, দরজা বন্ধ করা নিয়ে কয়েকজন যাত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এরমধ্যে যিনি হত্যা করেছেন তাকে কয়েকজন মারধর করেন। এরপর তিনি ছুরি বের করে একজনকে ছুরি দিয়ে আঘাত করেন।

এরপর হত্যাকারী পালিয়ে যান উল্লেখ করে পুলিশ বলেছে, তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমটিআই