বিজ্ঞাপন

মনে মনে আঁকছিলেন খুনের ছক

হবু স্বামীকে খাদে ফেলে হত্যার আগে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছিলেন কিশোরী

হবু স্বামীকে খাদে ফেলে হত্যার আগে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছিলেন কিশোরী

ভারতের পুনের লোহাগাড দুর্গের ৪০০ ফুট গভীর খাদে ফেলে নিজের হবু স্বামীকে হত্যা করেছেন এক কিশোরী। তিনি বিয়েতে রাজি ছিলেন না। তাই পরিকল্পনা করে নিজের জন্মদিনের দিন হবু স্বামীকে ঘোরার কথা বলে ওই দুর্গে নিয়ে যান। সেখানেই নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে তাকে ফেলে দিয়ে হত্যা করেন।

আগামী নভেম্বরে কেতন আগারওয়াল ও তার হবু স্ত্রী সিয়া গোস্বালের বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য রাজস্থানের জয়পুরে ১৭ কোটি রুপি দিয়ে একটি প্রাসাদ ভাড়াও করা হয়েছিল। সঙ্গে অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছিল দুটি প্রাইভেট জেটের।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হবু স্বামীকে হত্যার আগে তার প্রতি অতিরিক্ত ভালো প্রদর্শন করছিলেন ওই কিশোরী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছিলেন। কিন্তু তার মনে ছিল অন্য কিছু। মনে মনে তিনি কেতনকে হত্যার ছক আঁকছিলেন।

গত ফেব্রুয়ারিতে তাদের এনগেজমেন্ট বা আংটি বদল হয়। এর এক মাস পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সিয়া। সেখানে তিনি লেখেন “আমার হৃদয় তার বাড়িকে পাওয়ার এক মাস হলো।” ওই পোস্টে তিনি মোমবাতি ও একটি কেকের ছবিও প্রকাশ করেন।

গত মে মাসে একটি ভিডিও প্রকাশ করেন সিয়া। সেখানে দেখা যায় কেতন তাকে ফুল দিচ্ছেন। এরপর তারা একে-অপরকে জড়িয়ে ধরেন। সিয়া সেই পোস্টে উল্লেখ করেন কেতন তার পছন্দগুলোকে খুবই প্রাধান্য দিচ্ছে।

এছাড়া কেতনের করা একটি পোস্ট রিপোস্ট করেন সিয়া। যেখানে কেতন লিখেছিলেন ‘এই হাসিটা’।

এরপর ১৯ মে সিয়া তার জন্মদিনের গণনা শুরু করেন। সঙ্গে একটি ভিডিও দেন। যেখানে সিয়া ও কেতনকে রোমান্টিক গানের সঙ্গে নাচতে দেখা যায়।

নিজের জন্মদিনেই কেতনকে হত্যার পরিকল্পনা করেন সিয়া। গত ১৮ জুন তিনি কেতনকে ওই দুর্গে নিয়ে যান এবং সেখান থেকে ধাক্কা দিয়ে ৪০০ ফুট গভীর খাদে ফেলে দিয়ে তাকে হত্যা করেন।

কেতনের মরদেহ উদ্ধার করতে পরবর্তীতে তিন ঘণ্টা সময় লেগেছিল। সিয়া দাবি করেছিলেন কেতন ছবি তুলতে গিয়ে বাতাসের ধাক্কায় পড়ে গেছেন। তবে পরবর্তীতে জানা যায় নিজের পুরোনো প্রেমিক চেতন বাবুলাল চৌধুরীকে নিয়ে কেতনকে পরিকল্পিতভাবে হত্যা করেন সিয়া।

তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আরও তথ্য বের করতে তাদের সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে সিয়ার প্রেমিক চেতন বাবুলাল ওই দুর্গে তাদের খুব কাছাকাছি ছিলেন। সেদিন সেখানে ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও তিনি হুডি পরেন। পরবর্তীতে পুলিশ তাকে শনাক্ত করতে সমর্থ হয়। এছাড়া সিয়া ও চেতন গত সাত মাস কয়েকশ ঘণ্টা ফোনে কথা বলেছেন।

সূত্র: এনডিটিভি

এমটিআই