যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার (২৪ জুন) তেল আবিবে এক কনফারেন্সে এ দখলদার বলেন, “আমরা পরিষ্কার করেছি কোনো অবস্থায় আমরা লেবানন থেকে সেনা প্রত্যাহার করব না।”
তিনি দাবি করেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের এ ব্যাপারে চাপ দিচ্ছে না। যা তাদের জন্য একটি কূটনৈতিক অর্জন।
ইসরায়েল কাৎজ বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কাছে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও একই বিষয় জানিয়েছেন।
ট্রাম্প সরকারের অধীনে যুক্তরাষ্ট্রে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে। আজ ছিল আলোচনার দ্বিতীয় দিন।
গত মার্চে দক্ষিণ লেবাননে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ওই সময় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। এরপর দক্ষিণ লেবাননের বড় একটি অংশ দখল করে নেয় ইসরায়েলি সেনারা।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার প্রতি সম্মান জানিয়ে ইসরায়েল তাদের সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রতীকিভাবে প্রত্যাহার করার ব্যাপারে ভাবছে। কিন্তু আজ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানালেন, তারা তাদের কোনো সেনাকে সরিয়ে নেবেন না।
এ দখলদার আরও বলেছেন, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের তাদের বাড়িঘরেও ফিরতে দেওয়া হবে না।
সূত্র: সিএনএন
এমটিআই
