সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
গত ২৮ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলি খামেনি।
নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনের আয়োজন করছে ইরান। তার অন্তোষ্টিক্রিয়া শুরু হবে আগামী ৪ জুলাই। ওইদিন হবে তার প্রথম জানাজা।
এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই হবে দ্বিতীয় জানাজা। সবশেষ ৯ জুলাই আরেকবার জানাজা শেষে তাকে দক্ষিণপূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।
এদিকে কোনো মুসলিমের মৃত্যু হলে যত দ্রুত সম্ভব কবর দেওয়ার কথা বলা হচ্ছে। তবে যুদ্ধ চললে কবর দেওয়ার বিষয়টি দেরি করা যেতে পারে।
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন প্রায় চার মাস হতে যাচ্ছে। তবে তার মরদেহ এখন কোথায় রাখা আছে সেটি নিশ্চিত নয়।
ধারণা করা হচ্ছে তার শেষ যাত্রায় দুই কোটি মানুষ যুক্ত হতে পারেন। খামেনির অন্তোষ্টিক্রিয়ার জন্য ইরানে চারদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমটিআই
