ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ১১ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিরোধী রাজনৈতিক একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লিংক চালু করেছে। যেখানে সাধারণ মানুষকে তাদের নিখোঁজ আত্মীয়-স্বজনের ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছে। ওই লিংকে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।
এই তথ্য শুধুমাত্র তারাই দিতে পেরেছেন যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই পুরো সময়টি সাধারণ মানুষের জন্য আতঙ্কজনক।
আলজাজিরার সাংবাদিক তেরেসা বো কলম্বিয়ার বোগোতা থেকে জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার যেসব মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সবাই অজানা আতঙ্কের কথা জানিয়েছেন।
আলজাজিরার এক প্রডিউসার ভেনেজুয়েলায় থাকা তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন ভূমিকম্পের পর অনেক বাড়িঘর ধসে পড়েছে। এছাড়া রাস্তার মাঝে বিশাল বিশাল ফাটল দেখা গেছে।
ভেনেজুয়েলায় এক সপ্তাহব্যাপী লম্বা ছুটি চলছিল। ফলে ভূমিকম্পের সময় অনেক মানুষ তাদের বাড়িতেই ছিলেন।
এখন রাজধানী কারাকাসে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে ভবন ধসে পড়ে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।
সরকারিভাবে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহতের তথ্য দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমটিআই
